বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন রিয়াজ। শুনানি শেষে আদালত তার আবেদন ফেরত দেওয়ার আদেশ দেন।
আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। শুনানি শেষে আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
রিয়াজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর একটি জুলাই আন্দোলনকালে রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা হয়। ২০২৫ সালের ৩০ এপ্রিল আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের প্রক্রিয়া শুরু হয় এবং ২ মে মামলাটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা মামলায় রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ মোট ২০১ জনকে অভিযুক্ত করা হয়েছে। আসামিদের তালিকায় রিয়াজসহ চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তির নাম রয়েছে।