Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / কচুয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিলেন শিক্ষার্থী - Chief TV

কচুয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিলেন শিক্ষার্থী - Chief TV

2026-08-14  ডেস্ক রিপোর্ট  43 views
কচুয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিলেন শিক্ষার্থী - Chief TV

চাঁদপুরের কচুয়া পৌর এলাকার কোয়া চাঁদপুর গ্রামে নাদিয়া আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কালাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নাদিয়া তুলপাই গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে কুমিল্লার চান্দিনা উপজেলার কৈলাইন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নেয়। মায়ের সঙ্গে কোয়া চাঁদপুর গ্রামে নানার বাড়িতে থাকত নাদিয়া।

নিহতের মা নুরুন্নাহার বেগম জানান, তিনি কচুয়া টাওয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়া হিসেবে কর্মরত। নাইট ডিউটি শেষে সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে ফিরে মেয়েকে সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের সহায়তায় ঘরে প্রবেশ করেন। পরে নাদিয়াকে মৃত অবস্থায় দেখতে পান।

পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে নাদিয়া তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে এ নিয়ে তাকে কোনো শাসন বা গালমন্দ করা হয়নি বলে দাবি করেছেন তার মা। স্থানীয় সূত্রে আরও জানা যায়, নাদিয়ার বাবা দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রী ও সন্তানদের খোরপোষ দিতেন না। নুরুন্নাহার বেগমের উপার্জনেই দুই মেয়েকে নিয়ে তারা নানার বাড়িতে বসবাস করছিলেন। মৃত্যুর আগে নাদিয়া তার বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলেছিল বলেও জানা গেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share: