Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরে একাধিক কর্মসূচি - Chief TV

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরে একাধিক কর্মসূচি - Chief TV

2026-08-19  মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি  24 views
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরে একাধিক কর্মসূচি - Chief TV

কিশোরগঞ্জে দিনব্যাপী গুরুত্বপূর্ণ সফর সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। রোববার (১৬ আগস্ট) সফরকালে তিনি মৎস্যসম্পদ উন্নয়ন, সামাজিক সুরক্ষা, জনকল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

সফরের শুরুতে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মানুষের পুষ্টি ও জীবিকার সুযোগ সম্প্রসারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে প্রধানমন্ত্রী কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ এবং মৎস্য খাতের আধুনিকায়নে চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন তিনি।

কটিয়াদি উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়।

এরপর কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয় সম্প্রসারণ এবং নিম্নআয়ের ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।

সফরের শেষ পর্যায়ে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি। ঐতিহাসিক এ স্থানের উন্নয়নের মাধ্যমে স্থানীয় অবকাঠামো ও জনসেবার মানোন্নয়নের পাশাপাশি কিশোরগঞ্জের ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই সফরে মৎস্যসম্পদ উন্নয়ন, সামাজিক সুরক্ষা, জনকল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। সফরের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলা প্রশাসনের সমন্বয়ে সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা দায়িত্ব পালন করেন।

সফরকালে স্থানীয় সংসদ সদস্য, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Share: