যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মাঝ আকাশে এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যাওয়ার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তবে পাইলট ও ক্রুদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনার পর ফ্লাইটটি নিরাপদে গন্তব্যে অবতরণ করেছে।
শনিবার (২২ আগস্ট) আটলান্টা থেকে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এক্সপ্রেস।
পাইলটের বরাতে জানা গেছে, বিমানটি আকাশে থাকা অবস্থায় হঠাৎ এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যায়। মুহূর্তেই পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করেন ফ্লাইটের ক্রু ও অ্যাটেন্ডেন্টরা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
পরে বিমানটি নিরাপদে ডালাস বিমানবন্দরে অবতরণ করে। সেখানে পৌঁছানোর পর আহত পাঁচ যাত্রীর মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়। অপর চারজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ফ্লাইটটিতে পাইলট, কো-পাইলট, ক্রু, অ্যাটেন্ডেন্ট ও যাত্রীসহ মোট ১৩৩ জন আরোহী ছিলেন। বিমানের ভেতরে আগুন লাগার মতো পরিস্থিতির মধ্যেও দ্রুত ও দক্ষতার সঙ্গে ব্যবস্থা নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করায় পাইলট, কো-পাইলট ও ক্রু সদস্যদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।
এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লিথিয়াম ব্যাটারিযুক্ত ল্যাপটপ বিভিন্ন কারণে অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে।