Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / মালয়েশিয়ায় অনৈতিক চক্রের সন্ধান, বাংলাদেশিসহ আটক ২৬ - Chief TV

মালয়েশিয়ায় অনৈতিক চক্রের সন্ধান, বাংলাদেশিসহ আটক ২৬ - Chief TV

2026-08-22  ডেস্ক রিপোর্ট  43 views
মালয়েশিয়ায় অনৈতিক চক্রের সন্ধান, বাংলাদেশিসহ আটক ২৬ - Chief TV

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের ব্যবহার করে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে একটি চক্রের সন্ধান পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ ঘটনায় বাংলাদেশি-থাই দম্পতিসহ ২৬ জনকে আটক করা হয়েছে।

বুধবার রাতে কুচাই লামা ও জালান গেলুগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার কর্মকর্তারা প্রায় দুই সপ্তাহের নজরদারি শেষে এ অভিযান পরিচালনা করেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ২৬ জনের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন বাংলাদেশি পুরুষ, একজন থাই নারী, একজন মালয়েশীয় পুরুষ, তিনজন মিয়ানমারের পুরুষ, তিনজন বাংলাদেশি নারী, ১৪ জন ইন্দোনেশীয় নারী, দুইজন ভিয়েতনামী নারী ও একজন মিয়ানমারের নারী রয়েছেন।

প্রাথমিক তদন্তে আটক বিদেশিদের কয়েকজনের কাছে মালয়েশিয়ায় অবস্থানের বৈধ ভ্রমণ নথি বা পাস না থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযানে চারটি বাংলাদেশি, একটি থাই ও একটি ইন্দোনেশীয় পাসপোর্টসহ মোবাইল ফোন, কনডম ও নগদ ১ হাজার ২১৫ রিঙ্গিত জব্দ করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুচাই লামা ও জালান গেলুগর এলাকার দুটি স্থাপনায় বিদেশি নারীদের দিয়ে কথিত যৌন ব্যবসা পরিচালনার তথ্য পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিশেষ করে ক্লাং ভ্যালিতে বসবাসকারী বাংলাদেশিদের লক্ষ্য করে গ্রাহক সংগ্রহ করা হতো।

কর্তৃপক্ষের দাবি, চক্রের মূলহোতারা কর্মীদের চলাচল নিয়ন্ত্রণ করতেন এবং তাদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দিতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে আবাসিক স্থাপনাটিতে গোপনে কার্যক্রম পরিচালনা করা হতো। অন্য একটি বাণিজ্যিক স্থাপনা স্থানীয় এক ব্যক্তি নিয়ন্ত্রণ করতেন, যিনি সেখানে ‘ক্যাপ্টেন’ হিসেবে দায়িত্ব পালন করতেন বলে ধারণা করছে ইমিগ্রেশন বিভাগ।

তদন্তে জানা গেছে, আবাসিক স্থাপনায় ৬০ মিনিটের জন্য ২০০ রিঙ্গিত এবং বাণিজ্যিক স্থাপনায় ৯০ মিনিটের জন্য ২৬০ থেকে ৪০০ রিঙ্গিত নেওয়া হতো। প্রায় দুই মাস ধরে চক্রটি এ কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আটক বিদেশিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তে সহায়তার জন্য আরও সাতজন স্থানীয় পুরুষকে ইমিগ্রেশন কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জানিয়েছেন, দেশটির আইন লঙ্ঘন করে পরিচালিত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


Share: