Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / মাস্কের স্বপ্ন নিয়ে হাসাহাসি, এবার আকাশে টেসলা - Chief TV

মাস্কের স্বপ্ন নিয়ে হাসাহাসি, এবার আকাশে টেসলা - Chief TV

2026-10-17  ডেস্ক রিপোর্ট  39 views
মাস্কের স্বপ্ন নিয়ে হাসাহাসি, এবার আকাশে টেসলা - Chief TV

একসময় কল্পবিজ্ঞান বলে উড়িয়ে দেওয়া হয়েছিল তাঁর ভাবনাকে। এবার উড়তে সক্ষম গাড়ির প্রদর্শনী দেখিয়ে নতুন করে আলোচনায় এসেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের একটি কেন্দ্রে গত বৃহস্পতিবার এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে টেসলার নতুন নকশার রোডস্টার গাড়িকে ওপরের দিকে উঠতে, বাতাসে ডিগবাজি খেতে এবং কিছুক্ষণ ভেসে থাকার পর আবার নিচে নেমে আসতে দেখা যায়। প্রদর্শনীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে মাস্ক লেখেন, ভবিষ্যতে সত্যিই উড়ন্ত গাড়ি থাকবে।

২০১৮ সালে জনপ্রিয় উপস্থাপক জো রোগানের পডকাস্টে অংশ নিয়ে মাস্ক প্রথম পরবর্তী প্রজন্মের রোডস্টার গাড়িতে স্পেসএক্সের রকেট বা শীতল গ্যাসচালিত থ্রাস্টার প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ওই প্রযুক্তির সাহায্যে গাড়িটিকে বাতাসে ভাসানো বা ওড়ানোর সম্ভাবনার কথা বলেছিলেন তিনি। সে সময় তাঁর এই পরিকল্পনা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেন।

২০২০ সালেও গাড়িপ্রেমী ও টেলিভিশন উপস্থাপক জে লিনোর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন মাস্ক। তখন তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, উড়ন্ত গাড়ির এই ধারণা নিয়ে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।

সাম্প্রতিক প্রদর্শনী মাস্কের সেই পরিকল্পনাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে নিয়ন্ত্রিত পরিবেশে গাড়িটির এমন প্রদর্শনী দেখানো হলেও সাধারণ সড়কে নিয়মিত চলাচলের পাশাপাশি উড়তে পারার সক্ষমতা, নিরাপত্তা ও ব্যবহারিক উপযোগিতা এখনো নিশ্চিত নয়।

মাস্কের ঘোষণা অনুযায়ী, নতুন নকশার রোডস্টার গাড়িটির বাণিজ্যিক উৎপাদন ২০২৮ সালে শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে ক্রেতাদের জন্য বাজারে আসা মডেলে রকেট থ্রাস্টার প্রযুক্তি থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ফলে উড়ন্ত গাড়ি বাস্তবে কতটা ব্যবহারযোগ্য হয়ে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।


Share: