Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ - Chief TV

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  21 views
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ - Chief TV

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল রপ্তানিতে বড় ধরনের ধস নেমেছে। সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় গত আগস্টে অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি ৩৯ শতাংশ কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে দ্রুত বাড়ছে তেলের দাম।

তেলবাহী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হতো। তবে মে মাসে রপ্তানি কমে যায় সর্বোচ্চ ৬৭ শতাংশ। আগস্টে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মাসজুড়ে প্রতিদিন প্রায় ৭২ লাখ ব্যারেল তেলের ঘাটতি ছিল।

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হওয়ায় এর কার্যক্রম ব্যাহত হওয়ায় কয়েক দশকের মধ্যে সমুদ্রপথে অন্যতম বড় পণ্য পরিবহন সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ার প্রভাবে গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ২৮ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে।

তেলের পাশাপাশি ডিজেলসহ অন্যান্য জ্বালানির দামও বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় খুচরা দাম গ্যালনপ্রতি ৫ দশমিক ৮৫ ডলারে উঠে নতুন রেকর্ড করেছে। মার্কিন অটোমোবাইল সংস্থা এএএ জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে ডিজেল সরবরাহে জটিলতা তৈরি হয়েছে। এতে জ্বালানি ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির চাপও আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রিস্ট্যাড এনার্জির প্রধান অর্থনীতিবিদ ক্লদিও গালিমবার্তির মতে, বিশ্বের প্রায় সব অর্থনৈতিক খাতই কোনো না কোনোভাবে ডিজেলের ওপর নির্ভরশীল। ফলে জ্বালানির দাম দীর্ঘ সময় বেশি থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়তে পারে।

এদিকে হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক হতে দেরি হওয়ায় চলতি প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের গড় দামের পূর্বাভাস বাড়িয়ে ৮৬ ডলার করেছে সিটি গ্রুপ। এএনজেডের বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হলে স্বল্পমেয়াদে প্রতি ব্যারেল তেলের দাম ৯৫ ডলার ছাড়িয়ে যেতে পারে।


Share: