Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / মেট্রো স্টেশনের বড় পদে চাকরি পেল বিড়াল - Chief TV

মেট্রো স্টেশনের বড় পদে চাকরি পেল বিড়াল - Chief TV

2026-08-24  ডেস্ক রিপোর্ট  42 views
মেট্রো স্টেশনের বড় পদে চাকরি পেল বিড়াল - Chief TV

মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের একটি কমলা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার কাণ্ড। দীর্ঘদিন ধরে স্টেশনে ঘুরে বেড়ানো বিড়ালটিকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছিলেন এক যাত্রী। সেই রসিকতায় সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষও বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ বা ‘প্রধান বিড়াল কর্মকর্তা’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের পরিচিত মুখ হয়ে উঠেছে বিড়ালটি। এক যাত্রী সন্দেশ সামন্ত স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করেন। মজার ছলে তিনি বিড়ালটিকে একটি সরকারি পদ দেওয়ার অনুরোধ জানান।

ওই পোস্টে এমএমএমওসিএলও হাস্যরসের সঙ্গে প্রতিক্রিয়া জানায়। কর্তৃপক্ষ বিড়ালটির ‘দায়িত্ব’ হিসেবে স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং এমন জায়গায় বসে থাকা উল্লেখ করে, যেখান থেকে সবাই তাকে দেখতে পারেন। মজার ছলে তার কর্মদক্ষতাকেও ‘পারফেক্ট’ বলে মন্তব্য করা হয়।

মেট্রো কর্তৃপক্ষের এমন পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। যাত্রীদের কেউ কেউ জানান, প্রতিদিন গুণ্ডাওয়ালি স্টেশনে গিয়ে তারা বিড়ালটিকে খোঁজেন। আবার কেউ মজা করে তাকে ‘চিফ মাউস ক্যাচার’ বা প্রধান ইঁদুর শিকারির পদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

স্টেশনের পরিচিত এই বিড়ালটি অবশ্য আনুষ্ঠানিক কোনো চাকরি পায়নি। তবে যাত্রীদের রসিকতা আর মেট্রো কর্তৃপক্ষের মজার প্রতিক্রিয়ায় মুহূর্তেই সে হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত ‘কর্মকর্তা’।


Share: