Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু - Chief TV

মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  30 views
মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু - Chief TV

মিশরের দক্ষিণ সিনাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে দাহাব-নুয়াইবা সড়কের আল-সাদা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন শারম এল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে, ৯ জন সেন্ট ক্যাথরিন হাসপাতালে এবং ৬ জন আল-ফাইরুজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দক্ষিণ সিনাই গভর্নরেট জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে মিশরীয় ও জর্ডানের নাগরিকরা ছিলেন। বাসটি রাজধানী কায়রো থেকে নুয়াইবা বন্দরের উদ্দেশে যাচ্ছিল। সেখান থেকে যাত্রীদের সমুদ্রপথে জর্ডানের আকাবা হয়ে আম্মানে যাওয়ার কথা ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো পর্যটন বাস নয়, বরং কায়রো-আম্মান রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী পরিবহন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ২৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধারকর্মীরা আহতদের হাসপাতালে নেওয়ার পাশাপাশি নিহতদের মরদেহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে পাঠান।

এদিকে দুর্ঘটনার পর আশপাশের হাসপাতালগুলোতে জরুরি প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার। আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসাকর্মী মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও রক্তের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Share: