প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা আপাতত কম। তবে সরকারের কাজের গতি বাড়ানো এবং কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের চাপ কমাতে সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের চিন্তাভাবনা চলছে। এ ক্ষেত্রে বর্তমান মন্ত্রীদের সরিয়ে না দিয়ে নতুন চারজনকে যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রিপরিষদের একজন প্রভাবশালী সদস্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর। তিনি যখন উপযুক্ত মনে করবেন, তখনই এ বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
আগামী ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড, মন্ত্রীদের কর্মদক্ষতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। তবে এই মূল্যায়নের ভিত্তিতে এখনই বড় ধরনের মন্ত্রিসভা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে জানা গেছে।
সরকারের শুরুতে কয়েকজন মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে অর্থ ও পরিকল্পনা, মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ, শিল্প-বাণিজ্য-বস্ত্র ও পাট, কৃষি-মৎস্য ও প্রাণিসম্পদ এবং সড়ক-রেল-নৌপরিবহনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাত রয়েছে। দায়িত্বের চাপ কমাতে এসব মন্ত্রণালয়ে নতুন মুখ যুক্ত করার বিষয়টি আলোচনায় এসেছে।
সরকারের উচ্চ পর্যায়ের আলোচনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সেলিমা রহমান এমপি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে আন্দালিব রহমান পার্থ এমপিকে মন্ত্রী হিসেবে যুক্ত করার বিষয়টি রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শহিদুল ইসলাম বাবুল এমপি এবং ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকন এমপির নামও আলোচনায় রয়েছে।
তবে মন্ত্রিসভায় বর্তমানে দায়িত্ব পালন করা কাউকে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ১৮০ দিনের কর্মসূচি শেষ হওয়ার পর মন্ত্রণালয়গুলোর জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মন্ত্রিপরিষদের ওই প্রভাবশালী সদস্যের ভাষ্য, আপাতত ‘রদবদল’ নয়, বরং ‘অ্যাডজাস্টমেন্টের’ মাধ্যমে মন্ত্রিসভার কাঠামো মোটামুটি অপরিবর্তিত রেখে নতুন সদস্য যুক্ত করার বিষয়টিই বেশি গুরুত্ব পাচ্ছে। প্রধানমন্ত্রী চাইলে পরবর্তী সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।