Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / মুখে সবার আগে বাংলাদেশ, নিজেদের বেলায় বিদেশে বন্দোবস্ত: পাটওয়ারী - Chief TV

মুখে সবার আগে বাংলাদেশ, নিজেদের বেলায় বিদেশে বন্দোবস্ত: পাটওয়ারী - Chief TV

2026-10-18  ডেস্ক রিপোর্ট  43 views
মুখে সবার আগে বাংলাদেশ, নিজেদের বেলায় বিদেশে বন্দোবস্ত: পাটওয়ারী - Chief TV

মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও নিজেদের পরিবারের ক্ষেত্রে সবার আগে বিদেশে ভবিষ্যৎ নিশ্চিত করার ব্যবস্থা করা হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেশের রাজনৈতিক নেতৃত্ব, পারিবারিক সুবিধা, শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

পোস্টে নাসিরুদ্দীন পাটওয়ারী লেখেন, বাংলাদেশের রাজনীতিতে দেশ রক্ষার দায়িত্ব পড়ে কর্মীদের ওপর, আর পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করেন নেতারা। কর্মীর সন্তান মিছিলে যায়, অন্যদিকে নেতার সন্তান বিদেশে ক্যারিয়ার গড়ে। বক্তৃতায় সবাইকে একই পরিবারের সদস্য বলা হলেও বিপদের বোঝা নিচের দিকে নামে, আর সুবিধা চলে যায় ওপরের দিকে।

চিফ হুইপের তিন ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন, সেখানে নাগরিকত্ব ও চাকরি রয়েছে—এমন দাবি তুলে তিনি প্রশ্ন করেন, দলের জন্য চাকরি, পড়াশোনা ও সংসার উপেক্ষা করা কর্মীদের সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবে? নেতার সন্তানের ক্যারিয়ারের নিশ্চয়তা থাকলেও কর্মীর সন্তানের জন্য কেন শুধু স্লোগান থাকবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

সংসদ সদস্য মির্জা আব্বাসের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রসঙ্গ টেনে নাসিরুদ্দীন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েও তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেন বলে তাঁর দাবি। অথচ সাধারণ মানুষ দেশের হাসপাতালেই চিকিৎসাসেবা খোঁজেন। বিদেশে চিকিৎসা নেওয়া অপরাধ নয় উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, যাঁরা দেশের হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাঁদের পরিবারের বিকল্প ব্যবস্থা থাকলেও সাধারণ মানুষের জন্য কী ব্যবস্থা রয়েছে?

রাজনৈতিক কর্মীদের ত্যাগ ও নিরাপত্তার বিষয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তাঁর বক্তব্য, মাঠের কর্মীরা আহত হলে চিকিৎসার খরচ কে বহন করবে, মামলা হলে তাঁদের পরিবার চালাবে কে—এসব প্রশ্নের উত্তর থাকা প্রয়োজন। তাঁর অভিযোগ, দলের বিজয়ের মুহূর্তে কর্মীদের প্রয়োজন হলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় তাঁদের যথাযথ গুরুত্ব দেওয়া হয় না।

স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার প্রসঙ্গ তুলে নাসিরুদ্দীন লেখেন, নির্বাচনের পাশাপাশি যোগ্যতা ও কাজের হিসাবও সামনে আসা উচিত। বাবার পদ সন্তানের যোগ্যতার সনদ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। সাধারণ তরুণদের অভিজ্ঞতা প্রমাণ করতে হলেও প্রভাবশালীদের সন্তানদের ক্ষেত্রে পারিবারিক পরিচয় কতটা সুবিধা তৈরি করে, সেই প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রসঙ্গও তুলে ধরেন নাসিরুদ্দীন। তিনি লেখেন, দেশে থেকে রাজনৈতিক লড়াই করা, নেতাকর্মীদের সাহস জোগানো এবং কঠিন সময় মোকাবিলা করার ইতিহাসের কারণে খালেদা জিয়া সম্মান পান। তাঁর মতে, দলের দুঃসময়ের কষ্ট শুধু মাঠের কর্মীদের নয়, নেতৃত্বকেও বহন করতে হয়েছে।

 

screenshot-2026-10-18-174810-1.jpg

 

সংস্কার প্রসঙ্গে নাসিরুদ্দীন বলেন, পারিবারিক সুবিধার বৃত্ত ভাঙা, নেতৃত্বে প্রতিযোগিতার সুযোগ তৈরি, মনোনয়নপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সম্পদের হিসাব চাওয়ার মধ্য দিয়েই সংস্কারের প্রকৃত পরীক্ষা হবে। শুধু বক্তৃতায় সংস্কারের কথা বললেই চলবে না; নিজেদের পরিবারের সুবিধা কমাতেও নেতৃত্ব প্রস্তুত কি না, সেটিই হবে আসল প্রশ্ন।

বর্তমান সরকারের প্রতিও একই প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, জনগণের কাছে ত্যাগ চাওয়া হলেও ক্ষমতা ও সুযোগ বণ্টনের ক্ষেত্রে নিজেদের পরিবার ও ঘনিষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হলে পুরোনো ব্যবস্থার অবসান হবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও যেন পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে পরিচালিত না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

সবশেষে নাসিরুদ্দীন পাটওয়ারী লেখেন, দেশের শিক্ষাব্যবস্থা দুর্বল হলে সাধারণ মানুষের সন্তানের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়, হাসপাতালের সেবা খারাপ হলে পরিবারের সঞ্চয় শেষ হয়ে যায়, আর রাজনৈতিক সংঘাতের বিপদ সামলাতে হয় মাঠের কর্মীদের। জনগণকে সার্বক্ষণিকভাবে দেশের বাস্তবতা ও সংকটের মধ্যে থাকতে হয়। তাই রাষ্ট্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের সুবিধামতো দায়িত্ব পালনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।


Share: