ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ধসে আয়েশা সিদ্দিকা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা উপজেলার বিরুনিয়া এলাকার সিদ্দিক ও ফারজানা দম্পতির মেয়ে। সে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, সকালে আয়েশা তার নানা মোন্তাজ উদ্দিনের বাড়ির মাটির ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘরের মাটির দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের সময় মাটির ঘরের দেয়াল ধসে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুতে তার মা, নানা ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।