Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / নারীদের হয়রানির অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা - Chief TV

নারীদের হয়রানির অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা - Chief TV

2026-09-02  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  52 views
নারীদের হয়রানির অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা - Chief TV

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নারীদের উত্ত্যক্ত, যৌন হয়রানির চেষ্টা, অশালীন আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মামলার বাদী মো. আজহারুল ইসলাম।

তেঁতুলিয়া মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে আজহারুল ইসলাম উল্লেখ করেন, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে এলাকার নারীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছেন। নারীদের কু-প্রস্তাব দেওয়া, অশালীন আচরণ এবং তার কথায় রাজি না হলে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেঁতুলিয়া থানার দেবনগর ইউনিয়নের বাদিয়াগাছ এলাকার একটি চা-বাগানের সামনে কাঁচা রাস্তায় ঘটনাটি ঘটে। ওই সময় বাদীর স্ত্রীসহ পরিবারের কয়েকজন নারী সদস্য দোকানে যাওয়ার পথে আব্দুল হামিদ তাদের পিছু নেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে তিনি নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তারা চিৎকার করলে ভয়ভীতি ও হুমকি দিয়ে আব্দুল হামিদ ঘটনাস্থল থেকে চলে যান বলে দাবি করা হয়েছে।

বাদী আজহারুল ইসলাম আরও অভিযোগ করেন, ঘটনার পর আব্দুল হামিদ তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং নারী সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানান তিনি।

এদিকে, ২৫ আগস্ট ঘটনার প্রতিবাদ ও পরিবারের নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে অভিযোগকারী পরিবারের সদস্যরা আব্দুল হামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে কয়েকজন স্থানীয় বাসিন্দাও দাবি করেন, আব্দুল হামিদের বিরুদ্ধে এর আগেও নারীদের সঙ্গে অশালীন আচরণ ও উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে বর্তমানে স্থানীয়রা তাকে সামাজিক বিভিন্ন দায়িত্ব পালন করতে দেন না বলেও দাবি করেন তারা।

মামলার নথিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারা এবং বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৬ ধারা উল্লেখ করা হয়েছে। নথিতে অপরাধের শিরোনাম হিসেবে ‘যৌনপীড়ন’ উল্লেখ রয়েছে।

অভিযোগের বিষয়ে আব্দুল হামিদের বক্তব্য জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, আব্দুল হামিদকে আসামি করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলায় উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: