Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / নাসিরের আবেগঘন বিদায়ী স্ট্যাটাস - Chief TV

নাসিরের আবেগঘন বিদায়ী স্ট্যাটাস - Chief TV

2026-08-14  ডেস্ক রিপোর্ট  43 views
নাসিরের আবেগঘন বিদায়ী স্ট্যাটাস - Chief TV

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে বিদায়ের আগে আবেগঘন বার্তা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা, সংগ্রাম, অর্জন ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

নাসির উদ্দিন জানান, ওয়ান ইলেভেনের দুঃসময়ে তার রাজনৈতিক জীবনের শুরু। এরপর দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক অনিশ্চয়তা, আন্দোলন-সংগ্রাম ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান তিনি। বিদায়ের মুহূর্তে সংগঠনের নেতাকর্মীসহ রাজনৈতিক জীবনে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

২০২৪ সালের ১ মার্চ দায়িত্ব গ্রহণের পর জুলাই-আগস্টের আন্দোলন, পরবর্তী সময়ে নোয়াখালী-ফেনী অঞ্চলের বন্যা এবং সংগঠন পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জের কথাও স্মরণ করেন নাসির। তিনি বলেন, রাজনীতি শুধু মিছিল-মিটিংয়ের বিষয় নয়, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই রাজনীতির বড় পরিচয়।

নিজের দায়িত্ব পালনের সময়ে দুই হাজারের বেশি সাংগঠনিক কমিটি গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, সবকিছু নিখুঁতভাবে করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় কমিটির বর্ধিত অংশ সম্পন্ন করতে না পারায় আক্ষেপ রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়াকে নিজের জন্য একটি শিক্ষা হিসেবে উল্লেখ করেন।

বিদায়ী বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাসির। ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিও তিনি ধন্যবাদ জানান।

নাসির উদ্দিন বলেন, তিনি দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন, তবে ছাত্রদল থেকে নয়। পদ থেকে বিদায় নেওয়া গেলেও সংগঠনের প্রতি ভালোবাসা ও সম্পর্ক থেকে বিদায় নেওয়া যায় না। ভবিষ্যতে নতুন নেতৃত্বের প্রয়োজন হলে তিনি আগের মতোই পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে কোনো আচরণ বা সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়েছেন তিনি।


Share: