নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে গাইডওয়াল নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার পানিয়ালপুকুর গুয়াপাড়ার ভেস্সিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দের আওতায় ওই এলাকায় গাইডওয়াল নির্মাণের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কয়েকজন শ্রমিক কাজ শুরু করেন। এ সময় নির্মাণকাজে নিম্নমানের ইট, সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে।
কাজের মান নিয়ে আপত্তি জানিয়ে স্থানীয়রা ঘটনাস্থলে প্রতিবাদ করেন। একপর্যায়ে তারা নির্মাণকাজ বন্ধ করে দেন। তাদের দাবি, নির্ধারিত মান বজায় রেখে ভালো মানের নির্মাণসামগ্রী ব্যবহার করেই গাইডওয়াল নির্মাণ করতে হবে। তা না হলে সরকারি অর্থ ব্যয় হলেও স্থাপনাটি দীর্ঘস্থায়ী হবে না।
স্থানীয় বাসিন্দা হাসিনুর রহমান বলেন, শুক্রবার এখানে কাজ শুরু করা হলেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে দেখা যায়। এ কারণে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। ভালো মানের সামগ্রী দিয়ে কাজটি সঠিকভাবে সম্পন্ন করার দাবি জানান তিনি।
এ বিষয়ে নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের দাবি, বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করে প্রকল্পের নির্ধারিত মান বজায় রেখে গাইডওয়াল নির্মাণ নিশ্চিত করতে হবে।