Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / 'ও আমার বড় ভাই' পোস্ট সরাতে দেবের কড়া হুঁশিয়ারি - Chief TV

'ও আমার বড় ভাই' পোস্ট সরাতে দেবের কড়া হুঁশিয়ারি - Chief TV

2026-08-22  ডেস্ক রিপোর্ট  45 views
'ও আমার বড় ভাই' পোস্ট সরাতে দেবের কড়া হুঁশিয়ারি - Chief TV

টলিউডের অগ্রজ তারকা জিতের প্রতি সম্মান ও সৌজন্যের অনন্য দৃষ্টান্ত দেখিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা দেব অধিকারী।

সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের আয় ও দর্শকসংখ্যা নিয়ে দেবের প্রায় তিন লাখ অনুসারীর একটি ফ্যান পেজ থেকে নেতিবাচক ও কুরুচিপূর্ণ পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসার পর সরাসরি ওই পেজের কমেন্ট বক্সে গিয়ে আপত্তি জানান দেব।

জিতের বিরুদ্ধে সব ধরনের নেতিবাচক প্রচারণা বন্ধের পাশাপাশি পোস্টগুলো মুছে ফেলার নির্দেশ দেন তিনি। পরে নিজের অফিসিয়াল প্রোফাইলেও ভক্তদের উদ্দেশ্যে একই বিষয়ে কড়া বার্তা দেন দেব।

সেখানে তিনি জিতকে নিজের বড় ভাইয়ের সঙ্গে তুলনা করে তার বিরুদ্ধে কোনো ধরনের কটাক্ষ বা নেতিবাচক পোস্ট না করার আহ্বান জানান। একই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে সিনেমাটি নিয়ে নেতিবাচক প্রচারণার বদলে হলে গিয়ে সিনেমা দেখার পরামর্শ দেন।

দেবের নির্দেশ পাওয়ার পর ফ্যান পেজের অ্যাডমিনরা জিতকে নিয়ে করা কটূক্তিমূলক পোস্ট ও ছবিগুলো সরিয়ে ফেলেন। একই সঙ্গে নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

টলিউডে দেব ও জিতের ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিনের পাল্টাপাল্টি বিতর্ক ও ট্রোলিংয়ের সংস্কৃতি রয়েছে। সেই পরিস্থিতিতে দেবের এমন অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন নেটিজেনরা। সহশিল্পীর প্রতি সম্মান দেখিয়ে দেব যে বার্তা দিয়েছেন, তা বিনোদন অঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির উদাহরণ হিসেবেও দেখছেন অনেকে।


Share: