Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / পাঁচ দিন পরই কেন চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি? - Chief TV

পাঁচ দিন পরই কেন চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি? - Chief TV

2026-10-17  ডেস্ক রিপোর্ট  44 views
পাঁচ দিন পরই কেন চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি? - Chief TV

নিয়োগের মাত্র পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন কেটি জাকারিয়া। প্রথম সংবাদ সম্মেলনে অস্বস্তিকর উপস্থিতি, আইনজীবী হিসেবে যোগ্যতা নিয়ে বিতর্ক এবং সংবাদমাধ্যমের ধারাবাহিক প্রশ্নের মুখে তাঁর আকস্মিক বিদায় নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

শুক্রবার (১৬ অক্টোবর) জাকারিয়ার পদত্যাগের খবর প্রকাশের কয়েক মুহূর্ত আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি জানান, জাকারিয়াকে দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছিলেন। ট্রাম্পের ভাষ্য, তিনি জাকারিয়াকে বলেছেন, এই কাজ করতে না চাইলে তাঁর দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই। সংবাদমাধ্যমের আচরণও তাঁর জন্য কঠিন হয়ে উঠেছিল বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে প্রথম সংবাদ সম্মেলন করেন জাকারিয়া। ১৫ মিনিটেরও কম সময়ের ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা মাত্র তিনটি প্রশ্ন করার সুযোগ পান। পুরো সময় তাঁকে দৃশ্যত অস্বস্তিতে থাকতে দেখা যায়। নোটবুক থেকে বক্তব্যের মূল বিষয়গুলো পড়ে শোনানো, অল্প কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া এবং একপর্যায়ে নিজের স্বামীকে প্রেসিডেন্ট বলে উল্লেখ করার ঘটনাও সমালোচনার জন্ম দেয়।

এরপর থেকেই তাঁর যোগ্যতা ও দায়িত্ব পালনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বিশেষ করে আইনজীবী হিসেবে তাঁর পরিচয় এবং পেশাগত যোগ্যতা নিয়ে বিতর্ক সামনে আসে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে আইনজীবী হিসেবে কাজ করার লাইসেন্সের পরীক্ষা পাস করেছেন তিনি। ট্রাম্পসহ কয়েকজন তাঁকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

পেপারডাইন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেও জাকারিয়া যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। ওই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমি যখন চীনে ছিলাম।’ পরে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের অনুসন্ধান ও সমালোচনার মুখে তিনি স্বীকার করেন, বার পরীক্ষায় পাস করেননি।

এক বিবৃতিতে জাকারিয়া দাবি করেন, প্রয়োজনীয় যোগ্যতা ও সনদ নিয়ে চীনে আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনসংক্রান্ত আইন বিষয়ে কাজ করেছেন। তবে তাঁর আইনগত যোগ্যতা নিয়ে বিতর্ক থামেনি। বৃহস্পতিবার রক্ষণশীল সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সাক্ষাৎকারেও তাঁকে এ বিষয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। বার পরীক্ষায় পাস না করার কথা স্বীকার করলে হ্যানিটি প্রশ্ন তোলেন, কেন তিনি সরাসরি বলেননি যে কখনো আইন পেশায় কাজ করেননি।

জাকারিয়া জানান, খুব অল্প সময়ের মধ্যে তাঁকে প্রেস সেক্রেটারির দায়িত্ব নিতে হয়েছে। প্রথম সংবাদ সম্মেলনের এক সপ্তাহেরও কম সময় আগে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানেও একই ধরনের প্রশ্নের মুখে পড়েন জাকারিয়া। সেখানে তিনি বলেন, তিনি আইনজীবী নন—এ কথা ট্রাম্পকে জানাননি, কারণ তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হয়নি। তাঁর দাবি, আইনসংক্রান্ত দায়িত্ব পালনের জন্য নয়, যোগাযোগবিষয়ক কাজের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল।

অনুষ্ঠানের উপস্থাপক লরেন্স জোনস জানতে চান, প্রেসিডেন্টের আস্থা এখনো তাঁর ওপর রয়েছে কি না। জাকারিয়া সরাসরি উত্তর না দিলেও বলেন, তিনি আশা করেন, আশপাশের সবার আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জাকারিয়ার বিদায়কে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছেন ডেমোক্র্যাট নেতারা। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা হাকিম জেফরিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির বিদায় ঘটেছে এবং ‘মাগা’পন্থীরা ক্রমাগত ভেঙে পড়ছে।

জাকারিয়ার দ্রুত বিদায় ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস টিমে স্বল্পতম সময়ের মধ্যে দায়িত্ব ছাড়ার ঘটনাগুলোর একটি। ট্রাম্পের প্রথম মেয়াদে যোগাযোগবিষয়ক পরিচালক অ্যান্থনি স্কারামুচ্চি মাত্র ১০ দিন দায়িত্ব পালনের পর পদ ছেড়েছিলেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়, তবে অন্যের কষ্টে তিনি আনন্দ পান না।


Share: