জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে আটাপাড়া রেলগেটের উত্তর পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানান, রেলগেট থেকে প্রায় ৫০ থেকে ৬০ গজ দূরে রেললাইনের পাশে মরদেহটি পড়ে ছিল। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হলেও তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, শনিবার রাত থেকে রোববার ভোরের কোনো একসময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে তিনি রেললাইনের পাশে পড়ে ছিলেন, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। অনেকে নিহত যুবককে শনাক্তের চেষ্টা করলেও তার পরিচয় নিশ্চিত করতে পারেননি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানাকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা তারাই গ্রহণ করবে।