Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই হাফেজি শিক্ষার্থীর - Chief TV

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই হাফেজি শিক্ষার্থীর - Chief TV

2026-06-08  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  116 views
পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই হাফেজি শিক্ষার্থীর - Chief TV

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই হাফেজি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুর রহিম (১৪) ও লাবিব (১৪)। তারা দুজনেই স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, আব্দুর রহিমের বাড়ি সাতমেড়া ইউনিয়নের শিতলী হাসনা গ্রামে। তার পিতা মৃত জাকির হোসেন। অপরদিকে লাবিবের বাড়ি পূর্ব সাহেবই এলাকায়। তার পিতা মো. আশরাফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে একটি পুকুরে গোসল করতে নামে দুই কিশোর। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়ভাবে পানিতে ডুব দিয়ে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত কয়েকজন ব্যক্তি তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করেন।

উদ্ধারের পর দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই হাফেজি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক।”

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তাদের পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।


Share: