প্রেমিকার ভালোবাসার অভিনব বহিঃপ্রকাশে গাড়িজুড়ে লিপস্টিক দিয়ে আঁকা হয়েছিল ৩ হাজার ৪০০টি চুমুর দাগ। সেই সাজসজ্জার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভালোবাসার এই কাণ্ডই শেষ পর্যন্ত বিপাকে ফেলেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের যুবক আদিত্য সিকারওয়ারকে। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে তাকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করেছে পুলিশ।
সম্প্রতি গোয়ালিয়রের সিটি সেন্টার এলাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি গাড়ির প্রায় পুরো অংশজুড়ে অসংখ্য লিপস্টিকের চুমুর দাগ। পরে জানা যায়, গাড়িটির মালিক আদিত্যর প্রেমিকা অভিনবভাবে গাড়িটি সাজিয়েছিলেন।
ট্রাফিক পুলিশের পরিদর্শক অভিষেক রঘুবংশী জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। একই গাড়িকে সিটি সেন্টার এলাকায় চলাচল করতেও দেখা যায়। পরে তদন্ত করে গাড়িটির মালিককে থাটিপুর এলাকা থেকে শনাক্ত করা হয়। তাকে থানায় নেওয়ার পর মোটর ভেহিকেলস আইনে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।
আদিত্য জানান, বিদেশে এমন একটি প্রবণতা দেখে তার প্রেমিকা গাড়িটি এভাবে সাজানোর সিদ্ধান্ত নেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গাড়িজুড়ে ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুমুর দাগ আঁকা হয়। পরে সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
গাড়িতে এ ধরনের পরিবর্তন আইনবিরোধী হতে পারে, তা জানা ছিল না বলে জানিয়েছেন আদিত্য। পুলিশের নির্দেশের পর গাড়ি থেকে সব লিপস্টিকের দাগ পরিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরিশোধ করা হয়েছে নির্ধারিত জরিমানাও।