Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গোপালগঞ্জ / পুলিশের গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, ২ সদস্যকে মারধর - Chief TV

পুলিশের গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, ২ সদস্যকে মারধর - Chief TV

2026-10-24  ডেস্ক রিপোর্ট  45 views
পুলিশের গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, ২ সদস্যকে মারধর - Chief TV

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এক উপপরিদর্শক ও এক কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছান মিছিলকারীরা। সেখানে টহলরত পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিজেদের ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করেছেন বলে জানা গেছে। ভিডিওতে গাড়ি ভাঙচুরের পর পুলিশ সদস্যদের গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। তবে কী পরিস্থিতিতে তাঁরা সেখান থেকে সরে যান, তা ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিতভাবে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং পুলিশ সদস্যদের মারধর করেন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।


Share: