Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ - Chief TV

রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ - Chief TV

2026-10-21  ডেস্ক রিপোর্ট  28 views
রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ - Chief TV

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ রাজনৈতিক ও ব্যবসায়ী অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তির মুখাবয়ব সংযুক্ত করে রাবণের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছে কংগ্রেস-সমর্থিত ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)।

বুধবার (২১ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লির রাইসিনা রোডে সংগঠনটির সদর দপ্তরে বিজয়া দশমী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। ‘আঙুল তো উঠবেই, রাবণ দহন’ ব্যানারে আয়োজিত প্রতিবাদ কর্মসূচির খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন।

আয়োজকদের দাবি, নির্বাচনী অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, ক্রমবর্ধমান বেকারত্ব, জাতীয় সম্পদের অপব্যবহার, সাম্প্রদায়িকতা এবং দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির প্রতিবাদে এই আয়োজন করা হয়েছে।

দশ মাথাবিশিষ্ট রাবণের প্রতিকৃতিতে নরেন্দ্র মোদি, অমিত শাহ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি, ডোনাল্ড ট্রাম্প, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখাবয়ব ব্যবহার করা হয়।

মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছে এনএসইউআই। এবারের কুশপুত্তলিকা দাহ কর্মসূচিকেও ওই আন্দোলনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সংগঠনটির জাতীয় গণমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রবি পান্ডে ও দিল্লির দায়িত্বপ্রাপ্ত অখিলেশ যাদব জানান, বিজয়া দশমী অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক। এ উপলক্ষকে সামনে রেখে ভোটাধিকার ও সংবিধান রক্ষা এবং যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন।


Share: