Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / শরীয়তপুর / রান্নাঘরে 'ককটেল বিস্ফোরণে' উড়ে গেল টিনের চাল, আহত ২ - Chief TV

রান্নাঘরে 'ককটেল বিস্ফোরণে' উড়ে গেল টিনের চাল, আহত ২ - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  14 views
রান্নাঘরে 'ককটেল বিস্ফোরণে' উড়ে গেল টিনের চাল, আহত ২ - Chief TV

শরীয়তপুরের জাজিরায় রান্নাঘরে প্লাস্টিকের ড্রামে মজুত রাখা বিপুলসংখ্যক ককটেল বিস্ফোরণে দুটি বসতঘর ও দুটি রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ধাক্কায় একটি টিনের চাল উড়ে পাশের বাঁশবাগানে গিয়ে পড়ে। এ ঘটনায় দুই নারী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি গ্রামের ফারুক সৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ফারুক সৈয়ালের স্ত্রী রোকেয়া বেগম (৩৫) ও রশিদ সৈয়ালের স্ত্রী রাজিয়া বেগম (৬৫)। বিস্ফোরণে গুরুতর আহত রোকেয়া বেগমকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহম্মেদ জানান, রোকেয়া বেগমের শরীরে বিস্ফোরণজনিত গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সমাজপতি তমিজ খাঁ ও মূলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গত ১০ আগস্ট দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মান্নান সরদার (৬৫) নিহত হন। ওই সময় ককটেল বিস্ফোরণে এক যুবকের হাতের কবজিও বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় জাজিরা থানায় ৮৯ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

ওই ঘটনার এক মাস না পেরোতেই ফারুক সৈয়ালের বাড়িতে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। ফারুক সৈয়াল বিএনপি নেতা রেজাউল শিকদারের সমর্থক হিসেবে পরিচিত হলেও রেজাউল দাবি করেছেন, ফারুক সরাসরি কোনো দলীয় কর্মী নন।

মূলনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ভুলু বলেন, এলাকায় পুলিশের কঠোর নজরদারি প্রয়োজন। আগে ছোটখাটো বিরোধে বাঁশ বা টেঁটা ব্যবহার করা হলেও এখন তুচ্ছ ঘটনাতেও ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে প্লাস্টিকের ড্রামের ভেতর বিপুল পরিমাণ ককটেল মজুত রাখা ছিল। বিষয়টি তদন্ত করে ককটেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: