দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন।
তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি জাতীয় সংসদের সদস্য না হওয়ায় ভোটার তালিকায় তার নাম নেই। অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজের ভোট নিজেই দিয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। বর্তমানে সংসদে থাকা ৩৪৯ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই। ফলে ওই আসন থেকে কোনো ভোট পড়ছে না।
সংসদের সাধারণ আসনে বিএনপির ২১১ জন, জামায়াতের ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ জন, অন্যান্য দলের ৭ জন এবং স্বতন্ত্র ৭ জন সংসদ সদস্য রয়েছেন। সংরক্ষিত আসনে বিএনপি ও সমমনা দলের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন এবং স্বতন্ত্র একজন সদস্য রয়েছেন।
গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টায় শুরু হবে ভোট গণনা। ভোটারদের উপস্থিতি, বৈধ ও বাতিল ব্যালট এবং অব্যবহৃত ব্যালটের হিসাব শেষে প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে ব্যালটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।