রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘লায়ন’ নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টালিউড অভিনেতা জিৎ। দীর্ঘদিন ধরে সিনেমাটির শুটিং শুরু না হওয়ায় এবার তিনি জানিয়েছেন, ‘লায়ন’-এ আর অভিনয় করছেন না। নির্মাতা রায়হান রাফীকেও নিজের সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অভিনেতা।
২০২৪ সালে জিতের জন্মদিনে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দেওয়া হয়। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বড় বাজেটে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। এতে জিতের সঙ্গে বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের অভিনয়ের কথা ছিল। তবে নানা কারণে ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটির শুটিং শুরু হয়নি।
পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রচারণার সময় এক সাক্ষাৎকারে ‘লায়ন’ নিয়ে কথা বলেন তিনি। জিৎ জানান, সিনেমাটি আপাতত হচ্ছে না। যে প্রযোজককে কেন্দ্র করে সিনেমাটির পরিকল্পনা এগিয়েছিল, তিনি বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতির কারণেও প্রকল্পটি থেমে যায় বলে জানান অভিনেতা।
জিৎ আরও বলেন, সিনেমাটি পুনরায় শুরু করার বিষয়ে রায়হান রাফী আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তিনি সেই প্রস্তাবে রাজি হননি। এ বিষয়ে রাফীর সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান জিৎ। তবে অভিনেতার সরে দাঁড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি নির্মাতা রায়হান রাফী।
‘লায়ন’ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাফী। তার পরিচালিত ‘আন্ধার’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিং আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে।