Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / সালমান খানের জিমে ভয়াবহ আগুন - Chief TV

সালমান খানের জিমে ভয়াবহ আগুন - Chief TV

2026-08-22  ডেস্ক রিপোর্ট  35 views
সালমান খানের জিমে ভয়াবহ আগুন - Chief TV

ভারতের দিল্লির ব্যস্ততম এলাকা গ্রেটার কৈলাশ-১-এর এম ব্লক মার্কেটে বলিউড তারকা সালমান খানের ফিটনেস ব্র্যান্ডের একটি জিম ফ্র্যাঞ্চাইজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে বহুতল ভবনটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিল্লি পুলিশের একটি বিশেষ দল। দমকল বাহিনী পৌঁছানোর আগেই পুলিশের তৎপরতায় জিমের ভেতরে থাকা সবাইকে নিরাপদে বাইরে বের করে আনা হয়।

পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশের দ্রুত পদক্ষেপ ও দমকল বাহিনীর কার্যকর তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে জিমের অভ্যন্তরীণ ব্যবস্থা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

অগ্নিনির্বাপণ কাজ শেষ হওয়ার পর সার্বিক নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে কাজ চলছে।

সালমান খান ফিটনেস ও শরীরচর্চার প্রতি আগ্রহের জন্য পরিচিত। তার ফিটনেস ব্র্যান্ডের অধীনে পরিচালিত ওই জিম ফ্র্যাঞ্চাইজিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িক উদ্বেগ তৈরি হলেও প্রাণহানি না হওয়ায় স্বস্তি ফিরেছে।


Share: