সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ ওঠা টাঙ্গাইলের এক পরিবার কল্যাণ পরিদর্শিকাকে বদলি করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) পরিবার পরিকল্পনা বিভাগের টাঙ্গাইলের উপপরিচালক মীর সাজেদুর রহমান ও সহকারী পরিচালক জুলেখা খানম স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদাকে বদলি করে দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পদায়ন করা হয়েছে।
এর আগে নরমাল ডেলিভারির সময় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে ভিডিও ধারণ করায় এক স্থানীয় সাংবাদিকের সঙ্গে ওই পরিদর্শিকার বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় সাংবাদিককে গালিগালাজ, তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং বাড়িতে গিয়ে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
গত ১৮ আগস্ট গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম ও উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গত ২৩ আগস্ট ঘটনাটি তদন্ত করা হয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই ২ সেপ্টেম্বর পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদাকে বদলির আদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।