সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে মাসুক আহমেদের (৩৮) মৃত্যুর খবর শুনে কিছুক্ষণ পরই মারা গেছেন তার বাবা আব্দুল লতিফ (৬৭)। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে মাসুকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে শোকে ভেঙে পড়েন বাবা আব্দুল লতিফ। স্বজনরা তাকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পরই মারা যান।
স্বজনরা জানান, সম্প্রতি মাসুকের বিয়ে হয়েছিল। নতুন সংসার নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি। বিয়ের পর তার হাতে থাকা মেহেদির দাগও এখনো পুরোপুরি মুছে যায়নি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার বাবাও মারা গেছেন।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মাসুক আহমেদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আবেদন বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।