Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / সৈয়দপুরে হরিজন সম্প্রদায়ের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাজীপুর - Chief TV

সৈয়দপুরে হরিজন সম্প্রদায়ের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাজীপুর - Chief TV

2026-08-21  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  35 views
সৈয়দপুরে হরিজন সম্প্রদায়ের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাজীপুর - Chief TV

সারাদেশের হরিজন সম্প্রদায়ের আটটি দলের অংশগ্রহণে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) শহরের রাসুলপুর এলাকার রেলওয়ে ফিদা আলী মিলনায়তন সংলগ্ন মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।

সৈয়দপুরের রাসুলপুর একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে আয়োজক দল ছাড়াও বগুড়া, ঠাকুরগাঁওয়ের সিতাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাজীপুর, যশোরের দর্শনা ও দিনাজপুরের ভবানীপুর হরিজন পল্লীর দল অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় গাজীপুর ও জয়পুরহাটের দল।

জমজমাট ফাইনালে জয় তুলে নেয় গাজীপুর দল। নির্ধারিত খেলায় তারা চার গোল করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে জয়পুরহাট দল দুই গোল করে রানার্সআপ হয়।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন আকতার শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক জিয়া এবং ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবিদ হোসেন লাড্ডান।

এ ছাড়া অনুষ্ঠানে ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, সাবেক ফুটবল খেলোয়াড় ও পৌর কনজারভেন্সি পরিদর্শক মো. মজিদ, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক রোজিনা বেগম, তাজির উদ্দিন গ্রান্ট হোটেলের মালিক আতিয়ার রহমান ও সাংবাদিক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কামারপুকুর ইউনিয়নের আইসঢাল খিয়াপাড়া আলিম মাদরাসার ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক শরীফুল ইসলাম। পুরো টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাসুলপুর একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি শ্রী রুবেল বাঁশফোর ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বাঁশফোর।

সন্ধ্যা পর্যন্ত চলা ফাইনাল শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা চ্যাম্পিয়ন গাজীপুর ও রানার্সআপ জয়পুরহাট দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি পুরো টুর্নামেন্টে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্স করা খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।


Share: