Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই ক্রু নিহত - Chief TV

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই ক্রু নিহত - Chief TV

2026-10-18  ডেস্ক রিপোর্ট  32 views
সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই ক্রু নিহত - Chief TV

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) ইয়েমেন যুদ্ধে অংশ নেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এএইচ-৬ মডেলের নজরদারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের ছিল। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, গত এক সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দর নিরাপত্তাঝুঁকিতে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি থেকে লোহিত সাগরের বাব আল-মান্দেব পর্যন্ত বিস্তৃত সংঘাতপূর্ণ অঞ্চলে সৌদি আরবকে চাপ সৃষ্টির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে ইরান-সমর্থিত হুতিরা।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনে সরাসরি চাপ সৃষ্টি করতে না পেরে ইরান সৌদি আরবকে লক্ষ্যবস্তু করার কৌশল নিয়েছে বলে বিশ্লেষণ করা হয়েছে। ইরানের ওপর চাপ কমলে হুতিদের রাজনৈতিক, আর্থিক ও সামরিক সহায়তা অব্যাহত রাখার সুযোগ বাড়বে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

হুতিদের নিজস্ব কিছু দাবিও রয়েছে। এর মধ্যে সৌদি সামরিক অভিযান বন্ধ, ইয়েমেনের বন্দর ও বিমানবন্দরের ওপর বিধিনিষেধ প্রত্যাহার, ইরানের সঙ্গে নিয়মিত বিমান চলাচল চালু, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি সৌদি সমর্থন প্রত্যাহারের বিষয়গুলো রয়েছে। এসব দাবি পূরণ হলে ইয়েমেনের বড় একটি অংশে হুতিদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।


Share: