Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ভারতে মন্দিরের জন্য ৪ কোটির চেক দিলেন নারী, অ্যাকাউন্টে মিলল মাত্র ৩ রুপি - Chief TV

ভারতে মন্দিরের জন্য ৪ কোটির চেক দিলেন নারী, অ্যাকাউন্টে মিলল মাত্র ৩ রুপি - Chief TV

2026-08-31  ডেস্ক রিপোর্ট  43 views
ভারতে মন্দিরের জন্য ৪ কোটির চেক দিলেন নারী, অ্যাকাউন্টে মিলল মাত্র ৩ রুপি - Chief TV

ভারতের অযোধ্যায় রাম মন্দিরে কর্মীদের সুযোগ-সুবিধার জন্য ৪ কোটি রুপির অনুদানের চেক দিয়েছিলেন চেন্নাইয়ের এক নারী। তবে মন্দির কর্তৃপক্ষ চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর দেখা যায়, ওই নারীর ব্যাংক হিসাবে ছিল মাত্র ৩ রুপি। ফলে ৪ কোটি রুপির চেকটি বাউন্স করেছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে চেকটি দিয়েছিলেন। ট্রাস্ট অর্থ উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে জমা দিলে সংশ্লিষ্ট ব্যাংক জানায়, হিসাবে চেকের টাকা পরিশোধ করার মতো পর্যাপ্ত অর্থ নেই।

এত বড় অঙ্কের চেক দেওয়ার পর ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকার বিষয়টি কীভাবে ঘটল, তা জানতে ওই নারীকে নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্যাংক। একই সঙ্গে তার কাছে এ বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হবে।

ওই নারী রাম মন্দিরে আলাদাভাবে ১০ হাজার রুপি অনুদানও দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ৪ কোটি রুপির অনুদান যেন শুধু মন্দিরের কর্মীদের সুযোগ-সুবিধার জন্য ব্যয় করা হয়, সে বিষয়ে ট্রাস্টের কাছে লিখিত নিশ্চয়তা চেয়েছিলেন তিনি। তবে ট্রাস্ট এমন কোনো নিশ্চয়তা দেয়নি। এখন ওই নারীর সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

রাম মন্দির নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য বিপুল পরিমাণ অনুদান সংগ্রহের প্রেক্ষাপটেই ঘটেছে এই অস্বাভাবিক ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২০২০ সালে মন্দির নির্মাণের জন্য দেশজুড়ে ‘নিধি সমর্পণ অভিযান’ নামে বড় ধরনের অর্থ সংগ্রহ কর্মসূচি চালানো হয়। মাত্র ৪৫ দিনে ওই কর্মসূচির মাধ্যমে প্রায় ৩ হাজার ৫০০ কোটি রুপি সংগ্রহ করা হয়েছিল।

সে সময় বিপুলসংখ্যক চেকও অনুদান হিসেবে পাওয়া যায়। এর মধ্যে প্রায় ১০০ কোটি রুপির চেক প্রথমে কারিগরি সমস্যার কারণে বাউন্স করেছিল। পরে এসব চেক আবার ব্যাংকে জমা দিয়ে বেশিরভাগ অর্থ আদায় করা সম্ভব হয়। তবে প্রায় ২২ কোটি রুপি এখনো উদ্ধার করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে রাম মন্দিরে প্রতি মাসে নগদ অর্থ, অনলাইন লেনদেন ও চেকের মাধ্যমে প্রায় ৩ থেকে ৪ কোটি রুপি অনুদান আসে। এর মধ্যে শুধু চেকের মাধ্যমেই মাসে আনুমানিক ১ থেকে দেড় কোটি রুপি পাওয়া যায়।

এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এর আগে গত জুনে মন্দিরে দেওয়া অনুদানের অর্থ চুরি ও আত্মসাতের ঘটনাও প্রকাশ্যে এসেছিল। এর দুই মাসেরও বেশি সময় পর এবার সামনে এলো ৪ কোটি রুপির চেক বাউন্সের ঘটনা।


Share: