Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি - Chief TV

ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি - Chief TV

2026-08-31  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  68 views
ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি - Chief TV

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মধ্যবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের ভাষ্য, রাতে হঠাৎ একটি মনোহারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে বাজারের আটটি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি দোকান, তুলার দোকান, হোটেল, ভ্যারাইটিজ ও প্লাস্টিকের দোকান, গোডাউন, ফলের দোকান এবং দই-চিড়ার দোকান রয়েছে।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুছ জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দোকানগুলো টিনশেড হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে এবং ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য ও মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে অবহিত করা হয়েছে এবং তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


Share: