Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত - Chief TV

যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত - Chief TV

2026-08-31  ডেস্ক রিপোর্ট  45 views
যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত - Chief TV

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমেরি কাউন্টিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি এক মা ও তার তরুণী মেয়ের মৃত্যু হয়েছে। উল্টো পথে আসা দ্রুতগতির একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা ঘটনাস্থলেই মারা যান।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ইন্টারস্টেট ২৭০ মহাসড়কের বেথেসডা এলাকায় ডেমোক্রেসি বুলেভার্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুসাম্মাত শামীমা বেগম (৪৬) ও তার মেয়ে আরিবা জাহিদ (২৩)। তারা পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বসবাস করতেন।

মেরিল্যান্ড স্টেট পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় জার্মানটাউন এলাকার বাসিন্দা হোসে কাবায়েরো নোলাসকো (৩২) তার ফোর্ড মুস্তাং গাড়ি নিয়ে ভুল পথে প্রবেশ করেন। তিনি উত্তরমুখী লেনের পরিবর্তে উল্টো দিক দিয়ে দক্ষিণমুখী লেনে দ্রুতগতিতে ঢুকে পড়েন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্যামরির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। টয়োটা ক্যামরিতে যাত্রী হিসেবে থাকা শামীমা বেগম ও আরিবা জাহিদ দুর্ঘটনায় প্রাণ হারান।

দুর্ঘটনায় গাড়িটির ৬২ বছর বয়সী চালক এবং ৮ বছর বয়সী এক শিশুও গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে ফোর্ড মুস্তাংয়ের চালক নোলাসকো প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হাতে গ্রেপ্তার হন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালক অ্যালকোহল পান করে বা অন্য কোনো কারণে অস্বাভাবিক অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে দুইজনের মৃত্যুসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

দুর্ঘটনার পর ইন্টারস্টেট ২৭০-এর দক্ষিণমুখী লেন প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হয়। ঘটনার বিস্তারিত তদন্ত করছে মেরিল্যান্ড স্টেট পুলিশের ক্র্যাশ ইনভেস্টিগেশন টিম।


Share: