Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের তৈরি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ভারত - Chief TV

যুক্তরাষ্ট্রের তৈরি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ভারত - Chief TV

2026-08-28  ডেস্ক রিপোর্ট  36 views
যুক্তরাষ্ট্রের তৈরি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ভারত - Chief TV

যুদ্ধক্ষেত্রে সামরিক সক্ষমতা আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘জ্যাভলিন’ অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে ভারত। প্রস্তাবিত এই ক্রয়ের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাও আরও জোরদার হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের জ্যাভলিন কেনার পরিকল্পনার কথা জানান।

তিনি লিখেছেন, ভারত যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক সিস্টেম কেনার পরিকল্পনা করছে। তার মতে, এই ক্রয়ের ফলে দুই দেশের মধ্যে যৌথ উৎপাদনের বড় সুযোগ তৈরি হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সহযোগিতা ‘রেকর্ড উচ্চতায়’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জ্যাভলিন হলো লকহিড মার্টিন ও আরটিএক্সের যৌথভাবে তৈরি একটি বহনযোগ্য ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সাঁজোয়া লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এটি তৈরি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক বাহিনীতে এটি ব্যবহৃত হচ্ছে।

২০২৫ সালের নভেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতের কাছে সম্ভাব্য ৯ কোটি ৩০ লাখ ডলারের একটি প্রতিরক্ষা বিক্রয় অনুমোদন করেছিল। এতে সর্বোচ্চ ১০০টি জ্যাভলিন সিস্টেম এবং ২১৬টি এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি প্রজেক্টাইল অন্তর্ভুক্ত ছিল।

ভারত এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাচি ও চিনুক হেলিকপ্টার, সি-১৭ ও সি-১৩০জে পরিবহন বিমান, পি-৮আই সামুদ্রিক টহল বিমান এবং এম৭৭৭ হাউইটজার ব্যবহার করছে। নতুন করে জ্যাভলিন যুক্ত হলে দুই দেশের সামরিক আন্তঃকার্যক্ষমতা আরও বাড়তে পারে।

জ্যাভলিন বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও কাতার, ফ্রান্স, জর্ডান, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। ইউক্রেন যুদ্ধেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের খবর পাওয়া গেছে।

সার্জিও গোরের বক্তব্য অনুযায়ী, জ্যাভলিন কেনার পরিকল্পনা দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে। একই সময়ে বেসামরিক পারমাণবিক শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তিতেও ভারত-যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়ছে।


Share: