পাবনার বেড়া উপজেলার আমিনপুরে নয় বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো দাদা মো. সোলেমান সেখের (৭০) বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বিষয়টি জানাজানি হলে আমিনপুর থানা পুলিশের একটি দল নাটিয়াবাড়ী বাজার এলাকার শিশুটির বাড়িতে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সোলেমান সেখ রাজনারায়ণপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি তার আপন ভাইয়ের ছেলের মেয়ে।
শিশুটির দাদি অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টি পুলিশ ও স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে যোগসাজশ করে অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জানা গেছে, কয়েক বছর আগে শিশুটির বাবা মারা যান। পরে তার মা অন্যত্র বিয়ে করে চলে যান। এরপর থেকে শিশুটি দাদির কাছেই বসবাস করছে।
ঘটনাটি জানার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল জানান, স্থানীয় এক গণমাধ্যমকর্মীর ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। কিন্তু শিশুটির পরিবার থানায় অভিযোগ দিতে রাজি না হওয়ায় পুলিশ ফিরে আসে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর অভিযুক্ত সোলেমান সেখ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।