Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ - Chief TV

আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  21 views
আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ - Chief TV

দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগে সাবেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে সাবেক মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে চলমান তদন্তের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিদেশে থাকা সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও আইল অব ম্যান কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ার কথা জানিয়েছে কমিশন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক মুখ্য সচিব ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগটি ‘আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ’-সংক্রান্ত চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করেছে কমিশন।

অন্যদিকে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নিয়োগ ও দলীয় পদ বাণিজ্য এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগ তদন্ত করছে দুদক। তার ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে তদন্তাধীন একটি মামলার সঙ্গে যুক্ত করে তদন্তের সুপারিশ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়াকিটকি ক্রয়ে অনিয়ম ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগও অনুসন্ধান করবে দুদক। এ জন্য অনুসন্ধানকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, পূর্ব অভিজ্ঞতা না থাকা একটি দেশীয় প্রতিষ্ঠানকে ওয়াকিটকি ক্রয়ের কাজ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করেছিল বলেও অভিযোগ রয়েছে। অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েকগুণ বেশি দামে ওয়াকিটকি কেনার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা করা হয়েছে বলে দুদকের অভিযোগ। এর আগে ২০২৫ সালের ১৭ আগস্ট এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল।

এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুক্ষ্মীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ এবং ব্যাংক ও ব্যবসাসংক্রান্ত রেকর্ড জব্দের প্রক্রিয়াতেও অগ্রগতি হয়েছে। পারস্পরিক আইনি সহায়তা বা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) মাধ্যমে যুক্তরাষ্ট্রের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (ওআইএ) কাছে সহযোগিতা চেয়েছিল দুদক। এর পরিপ্রেক্ষিতে এফবিআই এ-সংক্রান্ত একটি প্রতিবেদন দুদকের কাছে পাঠিয়েছে।

অন্যদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, নাসরিন ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তি এবং ওয়ান প্রোপার্টি লিমিটেডের বিরুদ্ধে আইল অব ম্যান কর্তৃপক্ষের কাছে পাঠানো এমএলএআরের কার্যক্রমও সম্পন্ন হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের আইল অব ম্যানের সম্পত্তি ফ্রিজ বা অবরুদ্ধ করা হয়েছে বলে কমিশনকে নিশ্চিত করেছে সেখানকার কর্তৃপক্ষ।


Share: