দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা যাচাই, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের এই সফরে তিনি বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি একটি পর্যালোচনা সভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবন সুরক্ষার উদ্যোগ, মোংলা বন্দরের কার্যক্রম এবং সেখানে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্পগুলোর অগ্রগতি খতিয়ে দেখতেই প্রধানমন্ত্রীর এ সফর। সফর শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর হেলিকপ্টার অবতরণের কথা রয়েছে।
সেখান থেকে দুপুর পৌনে ১টার দিকে নৌপথে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ‘বানৌজ মোংলা’য় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজের বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ঘাঁটির ওয়ার্ড রুমে আয়োজিত পর্যালোচনা সভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি এবং বিকেল সাড়ে ৩টায় প্রস্তাবিত মোংলা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি। সবশেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।