Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি - Chief TV

বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  25 views
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি - Chief TV

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান জানতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ইন্টারপোলের কাছে ই-মেইলে চিঠি পাঠানো হয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবারই ইন্টারপোলের কাছে ই-মেইল পাঠিয়ে বেনজীর আহমেদের অবস্থান সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তার অবস্থানসংক্রান্ত খবরের সত্যতাও যাচাই করা প্রয়োজন বলে জানান তিনি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, দুবাই থেকে কারামুক্তির পর বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় গেছেন। এসব প্রতিবেদনে বলা হয়, গত ১৭ আগস্ট তিনি দুবাই থেকে সেন্ট লুসিয়ায় পাড়ি জমান। দেশটির পাসপোর্ট তার রয়েছে এবং সেখানে তার যৌথ বিনিয়োগও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি সেন্ট লুসিয়ার গ্রোস আইসোলেট এলাকায় তার একটি ফ্ল্যাট থাকার দাবিও করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে জামিন পান বেনজীর। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। এর আগে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন দেন।

কারামুক্তির পর বেনজীর অপেক্ষাকৃত নিরাপদ কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন বলেও সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে। স্পেনসহ কয়েকটি দেশে যাওয়ার বিষয়টি বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে সেন্ট লুসিয়াকে বেছে নেওয়ার কথা বলা হয়েছে।

গণমাধ্যমে বেনজীর আহমেদের অবস্থান নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশের পর তা যাচাই ও নিশ্চিত করতেই ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। ইন্টারপোলের কাছ থেকে তথ্য পাওয়ার পরই তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Share: