Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / মেহেরপুর / বিএনপি কার্যালয়ের সামনে দুইটি টাইম বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ - Chief TV

বিএনপি কার্যালয়ের সামনে দুইটি টাইম বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  24 views
বিএনপি কার্যালয়ের সামনে দুইটি টাইম বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ - Chief TV

মেহেরপুরের গাংনীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কয়েক ঘণ্টা আগে দলীয় কার্যালয়ের পাশে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমাসদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে গাংনী বাজারের হারুন মার্কেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। সেখানে ইলেকট্রনিক সার্কিটের কিছু অংশ ও বোমাসদৃশ কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার পর গাংনী বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের কারণ এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে কী ধরনের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে রোববার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির কর্মসূচি রয়েছে। কর্মসূচির আগে বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।


Share: