Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / মেহেরপুর / কাজে লোকসান হওয়ার ভয়ে সড়ক খুঁড়ে ঠিকাদার উধাও - Chief TV

কাজে লোকসান হওয়ার ভয়ে সড়ক খুঁড়ে ঠিকাদার উধাও - Chief TV

2026-10-22  ডেস্ক রিপোর্ট  36 views
কাজে লোকসান হওয়ার ভয়ে সড়ক খুঁড়ে ঠিকাদার উধাও - Chief TV

মেহেরপুর সদর উপজেলার যাদবপুর-বুড়িপোতা সড়ক সংস্কারের কাজ শুরু করে মাঝপথে বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান শিশির এন্টারপ্রাইজ। পুরোনো পিচ তুলে সড়ক খুঁড়ে ফেলে রাখায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ১০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কটিতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ না হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গর্ভবতী নারী, অসুস্থ রোগী, শিক্ষার্থী ও নিয়মিত যাতায়াতকারীরা। দ্রুত সড়কটির কাজ শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের পশ্চিমে সীমান্তবর্তী এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কের প্রায় আড়াই কিলোমিটার অংশ পাকাকরণ ও উন্নয়নের জন্য ২০২৫ সালে প্রায় ৬০ লাখ ৬১ হাজার ৫৬৭ টাকা ব্যয়ে প্রকল্প নেওয়া হয়। কাজটি পায় শিশির এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আশিকুর রহমান শিশির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম মনির ছেলে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে কাজ শুরু হয়ে ২০২৬ সালের মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। শুরুতে পুরোনো বিটুমিন তুলে সড়কটি খুঁড়ে ফেলা হলেও পরে কাজ বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।

বুড়িপোতা, বাড়িবাঁকা, শালিকা, বাজিতপুরসহ আশপাশের ১০ গ্রামের মানুষ প্রতিদিন বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও বিভিন্ন প্রয়োজনে এ সড়ক ব্যবহার করেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, সড়কটি পাকাকরণের কাজ শুরু হওয়ায় তাঁরা আশাবাদী হয়েছিলেন। কিন্তু পিচ তুলে ফেলে রাখায় এখন চলাচলে দুর্ভোগ বেড়েছে। বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হয়।

এলাকাবাসীর ভাষ্য, সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, কৃষিপণ্য বাজারে পৌঁছানো এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে। তাঁরা দ্রুত নির্মাণকাজ শেষ করার পাশাপাশি ততদিন সড়কটি চলাচলের উপযোগী রাখার দাবি জানিয়েছেন।

ঠিকাদার আশিকুর রহমান শিশিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তবে তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মারুফ জানান, কাজ শুরুর পর তেল ও বিটুমিনের দাম বেড়ে যাওয়ায় তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছিল। এ কারণে কাজ বন্ধ রাখতে হয়েছে বলে দাবি করেন তিনি। এলজিইডি থেকে নতুন করে কাজ করার কোনো চিঠি দেওয়া হয়নি বলেও জানান তিনি।

মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আরিফউদ্দৌলা বলেন, সড়কটির নির্মাণকাজের মেয়াদ বাড়ানোর জন্য ঢাকায় চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন না করলে জরিমানাসহ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Share: