খুলনার কয়রায় বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ির শোবার ঘর থেকে মো. খালিদ হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে। খালিদ হাসান ৩ নম্বর কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক মাস একদিন আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সঙ্গে খালিদ হাসানের বিয়ে হয়। শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে খালিদের স্ত্রী সানজিদা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
সানজিদার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খালিদকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কয়রা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, এ ঘটনায় শনিবার বেলা ১১টার দিকে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত চলছে।