Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ - Chief TV

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ - Chief TV

2026-11-01  ডেস্ক রিপোর্ট  28 views
তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ - Chief TV

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গতকাল শনিবার আদালতে হাজির করার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের সংশ্লিষ্টতার কিছু প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে তাঁকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি কিছু প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত দীপের সঙ্গে ছিলেন তাহসিফ।

তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, দীপ তাহসিফকে সঙ্গে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। তবে সেখান থেকে দীপ একাই ফিরে আসেন। বিষয়টি তদন্তকারীদের মধ্যে প্রশ্নের সৃষ্টি করেছে বলে জানান ওই কর্মকর্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যও দীপের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিচ্ছে বলে দাবি তাঁর।

আদালতে উপস্থাপন করা পুলিশের ফরোয়ার্ডিং আবেদনেও দীপের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের সই করা ওই আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে দীপের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে আটক রাখা প্রয়োজন। মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার গভীর রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এরপর ওই মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। দীপের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ এখনো তদন্তাধীন।


Share: