পলাতক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোর শহরে ঝটিকা মিছিল করেছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (১ নভেম্বর) শহরের লালদিঘির পাড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পাইপপট্টি এলাকার হাজি সুমনের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্মগোপনে থাকা হাজি মো. আলমগীর কবির সুমনের নির্দেশনায় ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক ছাত্রনেতা শেখ শহীদের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এতে কয়েকজন নারী-পুরুষ অংশ নেন।
সরকার পতনের পর নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন আকস্মিক কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কবির হোসেন বলেন, পুলিশও বিষয়টি জানতে পেরেছে। নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে।