Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / কিশোরগঞ্জ / বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ - Chief TV

বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ - Chief TV

2026-08-31  ডেস্ক রিপোর্ট  47 views
বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ - Chief TV

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের মাইক্রোবাসের গতিরোধ করে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় গাড়িটিতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন বরের স্বজনরা। সিনেমার দৃশ্যের মতো এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুরের সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার এক তরুণীর সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে সঙ্গে নিয়ে বর ও বরযাত্রীরা মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন।

মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করেন। একপর্যায়ে তারা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেছেন বরের স্বজনরা।

চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে নববধূকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কনের পরিবারের কাছ থেকে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্নাকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে মিয়াদ মিয়ার আগে একটি সম্পর্ক ছিল। তবে তাদের সম্পর্কটি দুই পরিবার মেনে নেয়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


Share: