নওগাঁর মহাদেবপুরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে পুকুরে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।
উপজেলার শালগ্রাম গ্রামে চেয়ারম্যানের বাড়ির পাশে ওই পুকুরের অবস্থান। দুপুরে সরেজমিনে দেখা যায়, পুকুর থেকে মরা ও জীবিত মাছ তুলে মিনি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রমিকদের দাবি, দুপুর পর্যন্ত ২৬টি ট্রাকে মাছ সরিয়ে নেওয়া হয়েছে। তবে মাছগুলো মরে যাওয়ায় দুর্গন্ধ ছড়িয়েছে এবং বাজারে ক্রেতারা এসব মাছ কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। কম দামেও মাছ বিক্রি করা যাচ্ছে না বলে জানান তারা।
পুকুরটিতে পাঙ্গাস ছাড়াও শিং, মাগুর ও দেশি ফলিসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। শ্রমিকরা তখনও জাল টেনে পুকুর থেকে মরা মাছ তুলে আনছিলেন। পুকুরের তলদেশেও বিপুলসংখ্যক মাছ মরে পড়ে রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
পুকুরের মালিক চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল বলেন, তিনি দীর্ঘদিন ধরে একাধিক পুকুরে মাছ চাষ করে আসছেন। এই পুকুরে প্রায় ১০ হাজার পাঙ্গাসের পোনা ছাড়াও বিভিন্ন দামি প্রজাতির মাছের পোনা ছাড়া হয়েছিল। চলতি সপ্তাহেই মাছগুলো তুলে বিক্রির পরিকল্পনা ছিল। কিন্তু ভোর থেকে মাছ মরে ভেসে উঠতে শুরু করে।
চেয়ারম্যানের অভিযোগ, কেউ পুকুরে গ্যাস বড়ি প্রয়োগ করায় মাছগুলো মারা গেছে। এতে তাঁর ৪০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। ঘটনার পর মাছ তোলার কাজ তদারকিতে ব্যস্ত থাকায় প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি থানায় কোনো অভিযোগ করতে পারেননি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।