Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / ছিনতাইয়ের তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের মোবাইল ছিনতাই - Chief TV

ছিনতাইয়ের তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের মোবাইল ছিনতাই - Chief TV

2026-09-04  ডেস্ক রিপোর্ট  17 views
ছিনতাইয়ের তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের মোবাইল ছিনতাই - Chief TV

নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ছিনতাইয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে এবার নিজেই ছিনতাইকারীর কবলে পড়েছেন স্থানীয় সাংবাদিক সৈয়দ মুহাম্মদ রিফাত। পেশাগত দায়িত্ব পালনের সময় মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় সংবাদমাধ্যম ‘খবর নারায়ণগঞ্জ’-এর সংবাদকর্মী সৈয়দ মুহাম্মদ রিফাত ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ঘটে যাওয়া ছিনতাইয়ের বিভিন্ন ঘটনা নিয়ে তথ্য সংগ্রহ করছিলেন। ছিনতাইকারীদের কর্মকাণ্ড, কারা এসব ঘটনার সঙ্গে জড়িত এবং কীভাবে অপরাধ সংঘটিত হচ্ছে—এসব বিষয়ে অনুসন্ধানের জন্য তিনি ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় অবস্থান করছিলেন।

এ সময় শিবু মার্কেটের দিক থেকে একটি মোটরসাইকেলে করে উল্টো পথে এসে এক ছিনতাইকারী তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় ওই ছিনতাইকারী।

ঘটনার বিষয়ে ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইয়ের ঘটনা ও জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 


Share: