Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা, ছাত্র গ্রেফতার - Chief TV

রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা, ছাত্র গ্রেফতার - Chief TV

2026-10-19  ডেস্ক রিপোর্ট  55 views
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা, ছাত্র গ্রেফতার - Chief TV

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রীকে শাসন করাকে কেন্দ্র করে শিক্ষক কাওছার আহমেদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। এতে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের সাবেক ছাত্র সিয়াম আহমেদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর বিদ্যালয়ের শ্রেণিকক্ষের প্রথম বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই ছাত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এ সময় শিক্ষক কাওছার আহমেদ মারামারিতে জড়িত এক ছাত্রীকে শাসন করেন।

এর জেরে রোববার (১৮ অক্টোবর) কাঞ্চন বাজারে গেলে ওই ছাত্রীর পক্ষ নিয়ে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী শিক্ষককে শাসিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে শিক্ষকের মাথা, পিঠ, ঘাড়, হাত ও পায়ে মারধর করে তাঁকে রক্তাক্ত করা হয়।

শিক্ষকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা কাওছার আহমেদকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শিক্ষকের ওপর হামলার ঘটনায় সোমবার প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে মামলা করেন। পরে হামলায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামি সিয়াম আহমেদকে কাঞ্চন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার সিয়াম আহমেদকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।


Share: