Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / চুয়াডাঙ্গা / চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন খাদে পড়ে নিহত ১, আহত ২ - Chief TV

চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন খাদে পড়ে নিহত ১, আহত ২ - Chief TV

2026-10-19  ডেস্ক রিপোর্ট  41 views
চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন খাদে পড়ে নিহত ১, আহত ২ - Chief TV

চুয়াডাঙ্গা শহরতলির নুরনগরে গরুবোঝাই স্যালোমেশিনচালিত একটি অবৈধ যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনায় মারা গেছে দুটি গরুও।

সোমবার (১৯ অক্টোবর) ভোররাত ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নুরনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল (৩৮) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহত দুজন হলেন যানটির চালক তারাচাঁদ ও শিপন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরু ব্যবসায়ী হেলাল উদ্দিন রোববার (১৮ অক্টোবর) বিকেলে মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশে রওনা হন। পথে নুরনগর মোড়ে পৌঁছালে যানটির চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় যানটি গরুসহ সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন। যানটির চালক তারাচাঁদ জানান, তাঁরা তিনজন ১১টি গরু নিয়ে মঠবাড়িয়া থেকে রওনা হয়েছিলেন। ভোররাতে চালানোর সময় হঠাৎ ঘুম চলে আসায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর যানটি সড়কের পাশের একটি ডোবায় পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, নিহত হেলালের সঙ্গে থাকা নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, একটি মুঠোফোন এবং গরুর বৈধ চালান উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক মিজান জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Share: