Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / চুয়াডাঙ্গা / দেশে এসেছে ভারত থেকে কেনা ১৮ টি ব্রডগেজ রেলকোচ - Chief TV

দেশে এসেছে ভারত থেকে কেনা ১৮ টি ব্রডগেজ রেলকোচ - Chief TV

2026-10-16  ডেস্ক রিপোর্ট  47 views
দেশে এসেছে ভারত থেকে কেনা ১৮ টি ব্রডগেজ রেলকোচ - Chief TV

ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে। এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা কোচগুলো গ্রহণ করেন।

আসা ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার এবং দুটি এসি পাওয়ার কার।

গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ কারখানা থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। পরে পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থানের পর শুক্রবার সেগুলো দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

দর্শনায় শুল্কসংক্রান্ত ছাড়পত্রসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো পরীক্ষার জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে কোচগুলো রেলওয়ের বহরে যুক্ত হবে। এতে যাত্রীসেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে।

পাকশী বিভাগের যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়ার পর পরীক্ষামূলকভাবে চালানো হবে। এরপর কোচগুলোর মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের চুক্তি অনুযায়ী, মোট ২০০টি এলএইচবি ব্রডগেজ রেলকোচ সরবরাহের এটি প্রথম চালান।


Share: