দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, মির্জা আব্বাস বেশ কিছুদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের সবুজসংকেত পাওয়ার পরই দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১ আগস্ট ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।